ছবি চলাকালে সমস্যা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১১:৫৯ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫ ১২:০২ পিএম
বিক্ষুব্ধ দর্শক সিনেমা হলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। প্রবা ফটো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর সোনালী টকিজ সিনেমা হলে দর্শক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এজন্য হলটি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার পর ওই সিনেমা হলে ছবি চলাকালে হঠাৎ সাউন্ডবক্সে সমস্যা দেখা দেয়। এতে বিক্ষুব্ধ দর্শক সিনেমা হলের চেয়ার-বেঞ্চ ও কাউন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। হল কর্তৃপক্ষ বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
হল কর্তৃপক্ষ জানান, সাউন্ডবক্সের একটু সমস্যা দেখা দেওয়ায় দর্শক উত্তেজিত হয়ে হলের দায়িত্বপ্রাপ্ত লোকদের ওপর চড়াও হন। এ সময় তারা হলে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। এতে হলের সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।