প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগ
মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ২০:২৬ পিএম
বুধবার কিশোরগঞ্জ শহরের কালীবাড়ীতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় অফিসের প্রধান সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু হকারদের সংগঠনের প্রতিনিধিদের হাতে উপহার খাদ্যসামগ্রী তুলে দেন। প্রবা ফটো
ঘুম থেকে ওঠার আগেই বাসার দরজার নিচে পত্রিকা চলে যায়। গরম চায়ে চুমুক দিতে দিতে আমরা পত্রিকায় খবর পড়ি। আর এই পত্রিকা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই বাসার পৌঁছে দিচ্ছেন এক দল কর্মঠ হকার, যারা প্রতিদিন লাখ লাখ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
সারাদেশের মতো কিশোরগঞ্জেও আছেন এমন হকার। প্রতি বছরের মতো এবারও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জে প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে পত্রিকা বিতরণকারীদের (হকার) মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে জেলা শহরের কালীবাড়ী মার্কেটের তৃতীয় তলায় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ মধ্যাঞ্চলীয় অফিসের প্রধান সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু হকারদের সংগঠনের প্রতিনিধিদের হাতে এই উপহার খাদ্যসামগ্রী তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের গ্র্যান্ড ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মওলানা একেএম সাইফুল্লাহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, নন্দনতাত্ত্বিক আলোচক সিনিয়র আইনজীবী নাসির উদ্দীন ফারুকী, নিরাপদ সড়কের সভাপতি ফিরোজউদ্দীন ভূঁইয়া, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আশিকুর রহমান রাজীব, অদম্য বাংলাদেশের আসলামুল হক আসলাম ও মোমিন ভূঁইয়া প্রমুখ। এ সময় কিশোরগঞ্জ হকার সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সম্পাদক রবীন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হকাররা বলেন, কিশোরগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক দুলু ভাই সবসময় আমাদের কথা চিন্তা করে। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে; যা পেয়ে আমরা সবাই অনেক আনন্দিত। একই সঙ্গে তারা পত্রিকার সমৃদ্ধি কামনা করেন।
সাইফুল হক মোল্লা দুলু বলেন, আমরা প্রতি বছর সংবাদপত্র হকারদের জন্য ঈদের উপহার দিয়ে থাকি। উপহার খুব স্বল্প হলেও মনের দিক থেকে এটা অনেক বড় বিষয়। হকাররা যারা বিক্রির সঙ্গে সম্পৃক্ত ও আমরা যারা পত্রিকায় কাজ করি দুপক্ষ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এগুলো আসলে আমরা উপহার হিসেবে দিচ্ছি, অনুদান বা অন্য কিছু নয়।
প্রতি বছর হকারদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছিল আল খায়ের ফাউন্ডেশনসহ নানা সংগঠন। এবার টানা দ্বিতীয়বারের মতো হকারদের পাশে দাঁড়ায় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় অফিস। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিলÑ পোলাও চাল, তেল, চিনি, সেমাই, দুধ ইত্যাদি। মোট ৪০ জন হকারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।