হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৬:১৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫ ১৬:২০ পিএম
বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুরে সড়ক দুর্ঘটনা। প্রবা ফটো
হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় তাবলীগ জামায়াতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ। পুলিশ জানায়, বাহুবল থানার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা।
আহতরা হলেন- টাঙ্গাইলের আল-মামুন, বাহুবল উপজেলার মানিকা বাজার এলাকার টমটম চালক বাচ্চু মিয়া। তাদেরকে বাহুবল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে তাবলীগ জামায়াতের সদস্যরা চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানার আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য টমটম গাড়িতে করে রওয়ানা দেন। সকাল সাড়ে ৯টায় ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক টমটম গাড়িটিকে পেছন থেকে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থাকে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও টমটম গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।