বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৩:৪৭ পিএম
সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামি। প্রবা ফটো
নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন এবং রাতে উপর হাটদোল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
মামলা সূত্রে জানা গেছে, মোবাইলের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় মেহেদী হাসানের। পরে গত এক মাস আগে তরুণীকে দেখা করার কথা বলে ঘটনার রাতে তরুণীর বাড়িতে (উপজেলার টেটনপাড়া) যান মেহেদী। দেখা করতে তরুণীর কক্ষে ঢুকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করেন তারা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেন মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেনিন তিনি। বাধ্য হয়ে মঙ্গলবার থানায় এসে ওই চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই তরুণী থানায় অভিযোগ করেন। এর পর পুলিশ চারজন আসামিকেই গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর তরুণীকে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।