× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাসদস্যকে অপহরণ-নির্যাতন, কারাগারে বিএনপির তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ০০:৪৯ এএম

আপডেট : ২৬ মার্চ ২০২৫ ১১:১০ এএম

সেনাসদস্যকে অপহরণ-নির্যাতন, কারাগারে বিএনপির তিন নেতা

ছুটিতে বাড়ি এসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক সেনাসদস্য তার চাচার সঙ্গে বরিশাল সদরে বালুমহালের দরপত্র জমা দিতে গিয়ে অপহরণ ও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) ওই সেনাসদস্যের চাচা মামলা করেছেন বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন বরিশালের হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, যুবদল কর্মী নুর হোসেন সুজন এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার।

সেনাসদস্য মো. জাফর মতলব উত্তর উপজেলার মহনপুর গ্রামের মো. শওকতের ছেলে। তিনি রাজশাহী সেনানিবাসে ল্যান্স করপোরাল পদে কর্মরত।

বাদী আবদুল মতিন কাজী একই গ্রামের কাজী আবুল হোসেনের ছেলে। তিনি জাফরের চাচা।

মামলার অন্য আসামিরা হলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, রুবেল, বেলায়েত, মো. জাহিদ, মহানগর মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নিজাম।

মামলার বরাতে ওসি মিজানুর বলেন, সোমবার বেলা ১টার দিকে মতিন কাজী, জাফরসহ তিনজন বালুমহালের ইজারা নেওয়ার জন্য বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে যান। তারা দরপত্র জমা দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে কয়েকজন তাদের ঘিরে ধরেন। এ সময় তাদের কাছে টেন্ডার জমা দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তাদের মারধর করা হয়। দুজন পালিয়ে গেলেও সেনাসদস্য জাফরকে তুলে নিয়ে যান আসামিরা। তাৎক্ষণিক বিষয়টি বরিশাল সেনা ক্যাম্পে জানানো হয়।

জাফর নিজেকে ল্যান্স করপোরাল পরিচয় দিলেও আসামিরাও নিজেদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে মারধর করেন। এ ছাড়া তার সঙ্গে থাকা সেনা পরিচয়পত্র ভেঙে ফেলা হয়। পরে তার কাছ থেকে এক ভরি ওজনের সোনার চেন, একটি আইফোন, ১৫ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইন্সেস ছিনিয়ে নেন। রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় নগরের লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেল রিচমার্টের ৩১০ নম্বর কক্ষ থেকে জাফরকে উদ্ধার ও তিনজনকে আটক করা হয় বলে জানান ওসি মিজানুর।

মঙ্গলবার বিকালে ওই তিনজনকে বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক নুরুল আমিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের জিআরও এনামুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা