কক্সবাজার অফিস
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ২২:২৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫ ২২:২৬ পিএম
জব্দকৃত আরাকান আর্মির পোশাক। প্রবা ফটো
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটপাড়া থেকে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। জুলাই অভ্যুত্থানের পর জেলার বিভিন্ন এলাকায় আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধির তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।
আটকরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচুলামুরা এলাকার বাসিন্দা শফিকা আক্তার, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা মিনুয়ারা বেগম এবং একই ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল বটতলী এলাকার ইকবাল হাসান।
আ. ম. ফারুক বলেন, দেশে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হওয়ার পর থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে র্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। রবিবার বিকালের শেষের দিকে র্যাব খবর পায়, কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটপাড়ায় কতিপয় লোকজন আরাকান আর্মির জন্য তৈরি কিছুসংখ্যক ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সরবরাহের জন্য অবস্থান করছে। এ খবরে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আটকদের হেফাজতে থাকা তিনটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা পাওয়া গেছে।
র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা জানিয়েছে, উদ্ধার করা ইউনিফর্মগুলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছানোর জন্য মজুদ করা হয়েছিল। নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি ইউনিফর্মগুলো তৈরি করে সরবরাহের ব্যবস্থা করেছিল।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।