পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ২১:৩৯ পিএম
মঙ্গলবার নাজিরপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল। প্রবা ফটো
পিরোজপুর বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বলেছেন, বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। এ দুর্নীতির থাবা থেকে শিক্ষাখাতও বাদ যায়নি, বাদ যায়নি শিক্ষকরা। শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের নামে দিনের পর দিন তামাশা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের জন্য বৈষম্যহীন কর্মপরিবেশ গড়ে তুলবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান প্রেরিত ৩১ দফা শুধু বিএনপির দফা নয়- সারা বাংলাদেশের মানুষের দফা। ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে। এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। এ দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট নাজিরপুরের আহ্বায়ক এসএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব মো. আবু হাসান খান প্রমুখ।