মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ২০:৪৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫ ২০:৪৮ পিএম
বহিষ্কৃত দুই নেতা। ফাইল ফটো
কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আশিক খাঁকে হত্যা ও অরাজকতা সৃষ্টি করার অপরাধে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (২৪ মার্চ) জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা পৃথক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আশিকুজ্জামান নজরুল এবং উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট রিয়াজুল ইসলাম সেবক।
এর আগে গত শনিবার কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা শিক্ষা বোর্ডে একটি অভিযোগের ভিত্তিতে বোর্ডের কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার মো. আহাদ খান সরেজমিন তদন্ত করতে প্রতিষ্ঠানে যান। পরিদর্শকদের উপস্থিতিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিকুজ্জামান নজরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট আলী হায়দার বাবুলের নেতৃত্বে দলবল নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা চালায়।
এ ঘটনায় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত হন এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন। নিহত ছাত্রদল নেতা আশিকের মৃতদেহ কাঁধে নিয়ে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনায় নিহত ছাত্রদল নেতা আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার এজাহারভুক্ত আসামি এডভোকেট আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে আজ ২৫ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।