মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৬:২৬ পিএম
প্রবা ফটো
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।
আহতদের মধ্যে বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং একই উপজেলার আসাদের স্ত্রী শারমিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। মাঝপথে রাজৈর উপজেলার বৌলগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল তবে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।