× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির হামলায় আহত হান্নান, দুপক্ষের মুখোমুখি অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২৩:১২ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ  হামলা করেছে বলে অভিযোগ করেন আবদুল হান্নান মাসউদ।  সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টা পর্যন্ত জাহাজমারা বাজারে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান করছে বলে জানান পুলিশ। 

আব্দুল হান্নান মাসউদের ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া পোস্টে বিষয়টি জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা। এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০ এর অধিক নেতাকর্মী গুরুতর আহত হন।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসউদ আজ জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ।

হামলার বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কেই অবস্থান কর্মসূচি পালন করছি। যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা বাজারের দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা নিচ্ছে। আমি চাই কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক। সে যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে।’

তবে মাসউদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘কিসের হামলা, এমন কোনো ঘটনা আমার জানা নাই। বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। এ ছাড়া তার কোনো দলের লোকজন নেই, কিন্তু তিনি আওয়ামী লীগের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন।’

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে। সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা