রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ মার্চ) গভীর রাতে উপজেলার হাজিরহাট উত্তর বাজারের আবু মিয়ার বিল্ডিংয়ে কমলনগর প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।
প্রেসক্লাবের সদস্য সচিব আমানত উল্যাহ জানান, রবিবার সন্ধ্যায় একদল চিহ্নিত গোষ্ঠীর ইন্ধনে দুর্বৃত্তরা মুখে মাক্স পরে হাতুড়ি ও শাবল দিয়ে কমলনগর প্রেসক্লাবের প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন টের পেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা এসে সাইনবোর্ড ভাঙা দেখেন।
এঘটনায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিন্দা জানিয়ে বলেন, অতীতে এ ধরনের ঘটনা না ঘটলেও এখন প্রেসক্লাবের মতো জায়গায় হামলা ও ভাঙচুর স্বাধীন গণমাধ্যমের জন্য অশনি সংকেত। তারা দ্রুত অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। ঘটনার পিছনে আরেকটি গ্রুপকে দায়ী করেন তারা।
প্রেসক্লাবের আহ্বায়ক মুছাকালিমুল্লাহ বলেন, হামলা ও ভাংচুরের খবর পেয়ে আমি ছুটে এসে দেখি সাইনবোর্ড ভেঙে নিচে পড়ে রয়েছে। এ ব্যাপারে আমরা আইনি প্রদক্ষেপ গ্রহন করবো।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কমলনগর প্রেসক্লাবে হামলা ও সাইনবোর্ড ভাঙার খবর বিভিন্ন মাধ্যমে শুনেছি। প্রেসক্লাব নেতৃবৃন্দকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে অপরাধী চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।