রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২১:০১ পিএম
প্রবা ফটো
রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের মূলহোতা মো. সাইদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে এসআই মো. শিহাবুদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের বায়তুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং দারুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে সুজুকি গ্যালাক্সার এসএফ ১৫৫ সিসির সিলভার রংয়ের একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। (যার রেজি নং-ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫)। চোরাই মোটরসাইকেল বেচাকেনা করায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।