ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২০:৪৫ পিএম
গ্রেপ্তার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই কাকন। প্রবা ফটো
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির নেতা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে। এ সময় তার বাড়ি থেকে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) ভোরে ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই কাকন।
জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল পুঁড়িয়ে দেওয়া হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। শামিম আহমেদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে সোমবার ভোরে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকনের বাড়িতে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা হয়েছে। আসামিদের থানায় সোপর্দ করা হয়।
এ দিকে এ ঘটনাকে সাজানো এবং বিএনপি ও রোকনুজ্জামান রোকনের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে দাবি করেন তার পরিবার ও উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
রোকনের স্ত্রী শামীমা সুলতানা ঝুমা বলেন, আমার সামনেই বাড়ি তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। তল্লাশির সময় কোনো অস্ত্র পায়নি।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকনের ওপর গত ৩০ অগাস্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা। শনিবার পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়। এ দায় রোকন ও বিএনপি নেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।