আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২০:১৭ পিএম
প্রবা ফটো
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় বরগুনায় চার ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে (২৩ মার্চ) বিশেষ ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, আমতলী উপজেলায় ২০ টি ইটভাটা রয়েছে। অধিকাংশ ইটভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটা পরিচালনা করে আসছে।
রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও বিশেষ ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান অভিযান পরিচালনা করেন। এ সময় বিশেষ ম্যাজিস্ট্রেট দক্ষিণ আমতলী মেসার্স সাগর ব্রিকসে তিন লক্ষ টাকা, কুকুয়া ইউনিয়নের রায়বালা এলাকায় মেসার্স ফাইফ স্টার ব্রিকসে দুই লাখ টাকা, বিসমিল্লাহ ব্রিকসে তিন লাখ টাকা এবং আল্লাহর দান ব্রিকসে দুই লাখ টাকা জরিমানা করেন।
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটাতে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।