চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৫:০১ পিএম
প্রবা ফটো
বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে শ্রমিকরা চট্টগ্রাম নগরের ইপিজেড মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর দেড়টা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছেন।
শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করায় নগরীর ১০ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ইপিজেড মোড় থেকে সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সোলাইমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বেতন ভাতা ছাড়া সরতে রাজি হচ্ছেন না। শ্রমিকরা সড়কে অবস্থান করায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ ২৫ মার্চ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। কিন্তু তার আগেই তারা আজ আবার বিক্ষোভ শুরু করেছেন।
এর আগে একই দাবিতে গত শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে শ্রমিকরা ইপিজেডের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তখন মালিকপক্ষ ২৫ মার্চ বকেয়া বেতন ভাতা পরিশোধের ঘোষণা দেন।
সিইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মালিকপক্ষ ২০ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে জানিয়েছিল। ওই ঘোষণা অনুযায়ী ২০ মার্চ বকেয়া বেতন পরিশোধ না করায় গত শনিবার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর তারা আগামী ২৫ মার্চ বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তার একদিন আগে আজ আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিক ও সিইপিজেড সূত্রে জানা যায়, অর্ডার না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ ঘোষণা করে জেএমএস গার্মেন্টস লিমিটেড। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১৫ অনুযায়ী বেতন ভাতাদি গত ২০ মার্চ (ফেব্রুয়ারি মাসের বেতন) ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করার কথা ছিল। লে অফ ঘোষণার সময় মালিক পক্ষ ২০ মার্চ বেতন ভাতা পরিশোধ করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ওই দিন পরিশোধ করেনি। আজ বেতন কথা বললেও আজও দিচ্ছে না। তাই বকেয়া বেতন ভাতার দাবিতেই শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করায় পতেঙ্গাগামী সড়কের দুই দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে আগ্রাবাদ থেকে ছেড়ে আসা গাড়ি পতেঙ্গার দিকে যেতে পারছে না। অন্যদিকে পতেঙ্গা এলাকা থেকে আসা যানবাহনগুলো স্টীলমিল এলাকায় সড়কে আটকা পড়ে আছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক হয়ে চলাচলকারী যাত্রীরা।
এ বিষয়ে জানতে জিএস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদকে একাধিকবার কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।