নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ২২:৪৬ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫ ২২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ।
বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ছোটন প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গফুর শাহকে আটক করতে পারেনি।
রবিবার (২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. সাফিউল সারোয়ার।
মো. সাফিউল সারোয়ার বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। সে বগুড়া জয়পুরহাট নওগাঁসহ এর আশেপাশের এলাকায় গরু চুরির মূল হোতা ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।
প্রেসব্রিফিং এর সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।