× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরে যেতে হলো বিএমডিএর নির্বাহী কর্মকর্তাকে

রাজশাহী অফিস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৯:১১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কর্মকর্তা-কর্মচারীদের চাপের মুখে পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান।

গতকাল রবিবার দুপুরে রাজশাহীতে অবস্থিত বিএমডিএ’র প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার বেলা ১১টার পর এক দল বিএমডিএর কর্মকর্তা ও কর্মচারী শফিকুল ইসলামের দপ্তরে গিয়ে তাকে অফিস থেকে চলে যেতে বলেন। এ সময় তারা অফিসিয়াল প্যাডে দায়িত্ব অর্পণ ও গ্রহণ সংক্রান্ত একটি চিঠি প্রস্তুত করে নিয়ে আসেন। যেখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে নির্বাহী কর্মকর্তা দায়িত্বভার গ্রহণের কথা উল্লেখ করা রয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের চাপে তিনি ওই চিঠিতে স্বাক্ষর করেন। পরে তিনি দপ্তর থেকে চলে যান। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শফিকুল ইসলামকে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। তবে বিএমডিএর নিয়ন্ত্রণকারী দপ্তর কৃষি মন্ত্রণালয় শফিকুল ইসলামকে রিলিজ না দেওয়ায় তিনি চলতি দায়িত্ব ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে পারছিলেন না বলে জানা গেছে।

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ দুর্নীতি দমন কমিশনের একাধিক প্রতিবেদনের প্রকাশিত তথ্যমতে, বিএমডিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে সহস্রাধিক কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত চলছে।

এদিকে এই ঘটনার পর বিএমডিএর কর্মচারীদের নামে একটি বিবৃতির কপি প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিকের হাতে এসে পৌঁছেছে। যেখানে বলা হয়, পতিত সরকারের দোসর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম একের পর এক কর্তৃপক্ষের স্বার্থবিরোধী কাজ করায় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের চাপের মুখে তিনি দায়িত্ব হস্তান্তর করে ২৩ মার্চ বিএমডিএ থেকে বের হয়ে যেতে বাধ্য হন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান হিসেবে মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্বের সাথে সমাধানের জন্য বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।

বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর বিএমডিএর সহস্রাধিক ডিপ অপারেট নিয়োগ নিয়ে সমস্যা দেখা দেয়। শফিকুল ইসলাম সাহেব এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। নতুন চেয়ারম্যান নিয়োগের পর তিনি তার সাথে সমন্বয় করে কাজ করেননি। তিনি আওয়ামী লীগ লবির লোক। ৫ আগস্টের পর থেকে তিনি বিএনডিএর বিরোধী গ্রুপের সাথে সংযোগ স্থাপন করে প্রতিষ্ঠানবিরোধী কাজ করে আসছিলেন। তা ছাড়া তার বদলি হয়ে গেছে। তার পরেও তিনি বসে ছিলেন। প্রতিষ্ঠানের স্বাথে তাকে আমরা সরিয়েছি।’

অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে তার পরেও তিনি পদে বসে ছিলেন।’

সিনিয়র দুজন কর্মকর্তা থাকার পরেও তাকে নির্বাহী কর্মকর্তার পদে বসার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘যে দুজনের কথা বলা হচ্ছে ৫ আগস্টের আগে ও পরে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। তাছাড়া তাদের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।’

নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি আমাকে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। বদলি হয়েছে ঠিকই তবে কৃষি মন্ত্রণালয় আমাকে এখন পর্যন্ত রিলিজ দেয়নি এবং নতুন কাকে দায়িত্ব দেওয়া হবে তাও ঠিক করে দেওয়া হয়নি। এটা একটা অফিসিয়াল প্রসেস। যে কারণে আমি যেতে পারছি না। রবিবার হঠাৎ করে আমার দপ্তরে এসে তারা চলে যেতে বলে এবং অপর একজনকে (জাহাঙ্গীর আলম) দায়িত্ব দিতে বলেন। এ সংক্রান্ত একটি কাগজ তারা প্রস্তুত করে নিয়ে আসে এবং জোড় করে তারা আমার স্বাক্ষর নেয়। আমি পুরো বিষয়টি তুলে ধরে কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে রিলিজ চেয়ে চিঠি প্রদান করব। পরবর্তীতে তিনিই করণীয় ঠিক করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা