মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৭:২৯ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শহীদ তানভির ছিদ্দিকির চাচা তারেক আজিজ ছিদ্দিক। প্রবা ফটো
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে অভিযান চালানোর নামে কোস্ট গার্ডকে ভুল তথ্য দিয়ে বিএনপি সমর্থিত পরিবার ও শহীদ তানভীর ছিদ্দিকীর স্বজনদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগীরা।
২৩ মার্চ (সোমবার) বিকাল ৩টায় মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত পরিবারের সদস্যরা দাবি করেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের নামে প্রশাসনকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা তারেক আজিজ ছিদ্দিক বলেন, ‘আমাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিচ্ছে। আমার ভাই শহীদ তানভীর ছিদ্দিকী ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন উল্টো আমাদের হয়রানি করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে তারেক চেয়ারম্যানের বাহিনী মহেশখালীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কয়েকদিন আগে কোস্ট গার্ডকে মিথ্যা তথ্য দিয়ে অভিযান পরিচালনার নামে আমাদের আতঙ্কিত করা হয়েছে। অথচ প্রকৃত সন্ত্রাসীরা প্রশাসনের সামনেই অস্ত্রের মহড়া দিয়েছে।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, সম্প্রতি তারেক চেয়ারম্যানের বাহিনী প্রকাশ্যে ভারী অস্ত্রের মহড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে কয়েকজন সন্ত্রাসীকে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি ভুক্তভোগীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ প্রসঙ্গে এক ভুক্তভোগী বলেন, ‘সরকারি বাহিনীর চোখের সামনে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো নিরীহ মানুষদের নামে মামলা দেওয়া হচ্ছে। এ থেকে বোঝা যায়, কারা এই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে।’
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ও আঁধারঘোনা পাহাড়ে তারেক চেয়ারম্যানের বাহিনী একটি শক্তিশালী আস্তানা গড়ে তুলেছে। এই বাহিনী দীর্ঘদিন ধরে অস্ত্রবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, তারেক চেয়ারম্যানের এই অপরাধ সাম্রাজ্য ভেঙে দিতে দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হোক এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে চাই না। আমরা নিরাপদে থাকতে চাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের হয়রানি বন্ধ করতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা তারেক আজিজ ছিদ্দিক, সরওয়ার মাতাব্বার, বড় ভাই মোহাম্মদ আলী জিন্নাহ্, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী, কালারমারছড়া বাজার বণিক সমবায় সমিতির সদস্য শফি আলম, কলেজ পড়ুয়া ছাত্র শতাব্দী প্রমূখ।