মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের ওপর হামলার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৩ মার্চ) সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে বাজিতপুর উপজেলার কুকরারাই নয়াহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বাজিতপুর উপজেলার সাপবাড়ীয়া গ্রামের মো. আলার ছেলে মো. রাদি মিয়া, উপজেলার কুকরারাই নয়াহাটি গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. মুন্না।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাজিতপুরে সরারচর রেলওয়ে স্টেশনে স্টপেজের সময় এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রেলপথে বিশৃঙ্খলা এড়াতে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত শনাক্ত করে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।
ওসি মো. লিটন মিয়া জানান, ট্রেনের চালকের উপর হামলার ঘটনার সময়ে ভিডিও ফুটেজ দেখে দুই যুবককে গ্রেপ্তার করি।
উল্লেখ, শনিবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে এসে থামলে ইঞ্জিন পরিবর্তন করার সময় একজন যাত্রী বিনা টিকিটে ইঞ্জিন বগিতে এসে বসলে চালক অন্য বগিতে যাওয়ার জন্য বলেন। পরে ইঞ্জিন পরিবর্তন করে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসার সময় বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে স্টপেজ দিলে চার পাঁচ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে চালকের আসনে এসে হামলা চালায়।