নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৭:০৪ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, হারুন অর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার এবং তাদের সন্তান মিম।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকালের দিকে ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভোরে গ্যাসের চুলা জ্বালাতেই এই ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে হয়তো এ ঘটনা ঘটেছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত পরে বলা সম্ভব হবে।