× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্নপূর্ণা-১ জয়ের অভিযানে এভারেস্টজয়ী বাবর আলী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২০:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

এভারেস্ট এবং পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বতশৃঙ্গ লোৎসে চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানো চট্টগ্রামের সন্তান বাবর আলী এবার যাচ্ছেন পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে।

শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাবর আলী এ ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার (২৪ মার্চ) অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।

বাবর আলী জানান, পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা হয়ে তাতোপানির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। চারদিনের ট্রেক শেষে পৌঁছাবেন অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে সেখান থেকেই।

৩৩ বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামের নজু মিয়া হাট এলাকায়। বাবা লিয়াকত আলী কুয়েত প্রবাসী ছিলেন। ২০১৭ সালে দেশে ফিরে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। মা লুৎফুন্নাহার বেগম গৃহিণী। তিন ভাই, এক বোনের মধ্যে বাবর দ্বিতীয়।

এর আগে গত বছরের ১৯ মে এভারেস্ট জয় করেন পেশায় চিকিৎসক বাবর আলী। দুদিন পর ২১ মে নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে তিনি ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার লোৎসে চূড়া স্পর্শ করেন। বাবর প্রথম বাংলাদেশি, যিনি পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেছেন।

এবার বাবরের লক্ষ্য নেপালে গণ্ডকী প্রদেশে ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ অভিযান। পর্বত গাত্রের খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়া-এই তিন মিলে ভয়ানক এ পর্বত। শুধু এ পর্বতশৃঙ্গ নয়, বিশ্বে মোট ১৪টি আট হাজার মিটারের পর্বত আছে, যার সবগুলোই জয়ের ইচ্ছা তার।

বাবর আলী বলেন, ‘এভারেস্ট-লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের ইচ্ছা পোষণ করছি আমি। অন্নপূর্ণা-১ অভিযান সে লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব। তবে অন্নপূর্ণা-১ অভিযান নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। সামিটের সঙ্গে পর্বতে প্রাণ হারানো আরোহীদের অনুপাত লক্ষ্য করলেই এই পর্বতের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা করা যায়।’

তিনি আরও বলেন, বেশিরভাগ পর্বতারোহীই বিশ্বের উঁচু সব পর্বতে দেশের পতাকা হাতে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সবসময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই অন্নপূর্ণা-১ এর মতো শৃঙ্গ বেছে নিয়েছি।

সংবাদ সম্মেলনে ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ ক্লাবের বর্তমান সভাপতি ফরহাদ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। এবারের অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে দাঁড়িয়েছে ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল। অনুষ্ঠানের শেষে বাবরের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা