কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৯:৩৪ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৫ ১৯:৩৫ পিএম
গ্রেপ্তার ছেরু মিয়া। ফাইল ফটো
কুমিল্লা চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুর, জামাই ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামলার পর শনিবার বিকালে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সাত মাস আগে কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের আছমা আক্তারের (ছদ্মনাম) সঙ্গে শ্রীপুর ইউনিয়নের ছেরু মিয়ার ছেলে ওমান প্রবাসী সাইফুলের মোবাইল ফোনে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর ছেরু মিয়া নিজের স্ত্রী আয়েশা বেগম অসুস্থ বলে পুত্রবধূ আছমা আক্তারকে শাশুড়ির সেবা করার জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন। চার মাস আগে আছমার স্বামী ওমান থেকে ছুটিতে দেশে আসেন। গত ১৮ মার্চ সাইফুল তার স্ত্রীকে স্থানীয় এক ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন চিকিৎসক।
সাইফুল জানতে চাইলে আছমা আক্তার বলেন, তার শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেন। কাউকে বললে মেরে লাশ গুম করে ফেলার হুমকিও দেন। ঘটনা জানার পর মো. সাইফুল ও তার মা আয়েশা বেগম গত ১৮ মার্চ বিকালে আছমা আক্তারকে মারধর করে গর্ভপাত করানোর চেষ্টা করেন। কিন্তু আছমা আক্তার রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখেন।
পুলিশের একটি সূত্র জানায়, ছেরু মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। একাধিকবার এমন কাজ করেছেন বলেও জানিয়েছেন। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি হিলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়ে দ্রুত ছেরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।