পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ২১:০৮ পিএম
বুধবার বিকালে শ্রীরামকাঠীতে অভিযান। প্রবা ফটো
পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার শ্রীরামকাঠীতে এ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় রং ও কেমিকেল দিয়ে শিশুদের খাবার ও অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপ মাধ্যমে বিক্রি করায় অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও দুজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ আদেশ দিয়েছেন নাজিরপুর উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নামবিহীন কারখানাটি সিলগালা করে এক লাখ টাকা জরিমানা এবং মো. মিরাজ হাওলাদার ও তার ভাই মো. রাব্বি হাওলাদারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটককৃতরা জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি।
ইউএনও মো. ফজলে রাব্বি জানান, বেনামি প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ব্রান্ডের জুস,শিশু খাদ্য,রং মিশ্রিত ও ভেজাল পণ্য অস্বাস্থ্যকর ও ক্ষতিকর মালামাল দিয়ে তৈরি করছিলো। এ অপরাধে ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সাথে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযানে মুখ্য ভূমিকা পালন করেছে ।
এ সময় নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জাতীয় গোয়েন্দা সংস্থার পিরোজপুর জেলার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।