বগুড়া অফিস
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৮:২২ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫ ১৯:১৪ পিএম
বগুড়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিকরা। ছবি : সংগৃহীত
বগুড়ায় দুই নেতার ওপর হামলার ঘটনায় দোষীদের তিনদিনের মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছে মোটর শ্রমিক ইউনিয়ন সংগঠনের শ্রমিকরা।
বুধবার (১৯ মার্চ) সকাল থেকে কর্মবিরতি শুরু করার প্রায় ৪ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে প্রত্যাহারের ঘোষণা দেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। দুপুরের পর থেকে জেলার সব রুটে বাস-মিনিবাস এবং সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল জানান, দুই শ্রমিক নেতার ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের রেলওয়ে স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশার চালকদের কথা কাটাকাটি হয়। পরে খবর পেয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী থামাতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
জানা যায়, নারিকেল ব্যবসায়ীদের হামলায় আহত মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবারের ওই হামলার জের ধরে পরিবহন শ্রমিকরা বুধবার সকাল ৯টার দিকে শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, রেলওয়ে স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠি নিয়ে সড়কে নেমে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারনে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অন্যদিকে দুইজন শ্রমিক নেতার ওপর হামলার পর বুধবার শহরের রেলওয়ে স্টেশন রোডে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও বিক্ষুব্ধ শ্রমিকরা দু’টি নারিকেলের আড়তে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। দুইজন পরিবহন শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।