ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৬:১৮ পিএম
থ্রি-হুইলারের (পাগলু) দুই যাত্রী নিহত। প্রবা ফটো
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকচাপায় থ্রি-হুইলারের (পাগলু) দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মহাসড়কের রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়ার জয়ন্ত রায় ও একই উপজেলার মধুপুর গ্রামের আরফান।
আহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার লাহেরী গ্রামের মহসিনা বেগম, আকলিমা, শিশু আসিয়া জান্নাত এবং ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়ার বাসিন্দা মুরাদ হোসেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের আমরা চিকিৎসা দিচ্ছি। তবে তাদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা বরাতে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থেকে আলু বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা পাগলুর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং পাগলুতে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরফান নামে আরেকজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা ট্রাকটিকে জব্দ করছি। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।