শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৫:৫৫ পিএম
শরণখোলা থানা। ছবি : সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. আলম শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আলম শেখ ওই গ্রামের মৃত মফিজুল শেখের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ সুব্রত কুমার বিশ্বাস জানান, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিজের এক বিঘা জমিতে মাছের ঘেরে সাথি ফসল হিসেবে বোরো ধানের চাষ করেছেন আলম শেখ। মাছের ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় সেখানে বেড়ে যায় ইঁদুরের উৎপাত। কোনো উপায় না পেয়ে ইঁদুর মারার জন্য ধান ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন তিনি। সকাল ৭টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়েই ক্ষেতের কাছে গিয়েছিলেন আলম শেখ। ক্ষেতের পাশ থেকে হাঁটার সময় হঠাৎ পা পিছলে বৈদ্যুতিক ফাঁদের ওপর পড়ে ছটফট করতে থাকেন তিনি। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের আগেই মারা যান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে কৃষকের বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।