বগুড়া অফিস
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৩:৫৯ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫ ১৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত
মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বগুড়ার পরিবহন শ্রমিকরা বুধবার (১৯ মার্চ) সকাল থেকে জেলার সকল রুটে বাস-মিনিবাস এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন।
এর আগে মঙ্গলবার বিকালে শহরের রেলওয়ে স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার খবর পেয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী তা থামাতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত ওই দুই নেতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হামলার জেরে শ্রমিকরা বুধবার সকালে শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, রেলওয়ে স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠি নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
হঠাৎ পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারছেন না।
এ ঘটনার পর বুধবার শহরের রেলওয়ে স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রাখেন। এ দিন বেলা ১১টার দিকে পরিবহন শ্রমিকরা রেলওয়ে স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুটি আড়তে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ কবির আহমেদ মিঠু জানান, এ হামলার প্রতিবাদে সাধারণ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আমরা এর কঠোর বিচার চাই। না হয় সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী বলেন, হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। এতে বগুড়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতির কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তবে উত্তরবঙ্গের অন্য জেলা থেকে ছেড়ে আসা দূর পাল্লার বাসগুলো চলাচলে শ্রমিকরা বাধা দিচ্ছেন না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।