কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৩:২৬ পিএম
প্রতীকী
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বোরো ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে শিলার স্বামী কাওছার মোল্যার সঙ্গে মালিক রবি মোল্যার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় রবি মোল্যার লোকজন গৃহবধূ শিলা ও তার ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম এবং ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।