লালমনিরহাটের আদিতমারী
লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫ ২০:৪৭ পিএম
অভিযুক্ত বিএনপি নেতা ইবনে হাবীব কাসুরী চঞ্চল। ফাইল ফটো
লালমনিরহাটের আদিতমারীর বুড়ির বাজারে ফুটপাতের দোকান ভাঙচুর ও ট্রাকে মাটি ফেলে দোকান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত ওই নেতার নাম ইবনে হাবীব কাসুরী চঞ্চল। তিনি ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
এ ঘটনায় ভুক্তভোগী মোছা. হাজেরা বেগম (৫৩) আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, হাজেরা বেগমের স্বামী মো. মোফাজ্জল হোসেন স্থানীয় ঈদগাহ মাঠ কমিটির অনুমতি নিয়ে ১০ বছরের জন্য একটি দোকান ভাড়া নেন এবং সেখানে ব্যবসা করে আসছিলেন। তবে সম্প্রতি বিএনপি নেতা চঞ্চল দোকানটি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন।
গত ১৫ মার্চ দুপুরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দোকানের সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় হাজেরা বেগম বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চঞ্চল তাকে মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয়রা এগিয়ে গেলে তিনি মারধর করতে পারেননি।
অভিযোগে আরও বলা হয়েছে, বিএনপি নেতা শুধু ভয়ভীতি প্রদর্শন করেননি, বরং আরও লোকবল নিয়ে দোকান দখলের চেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকিও দিয়েছেন।
এ দিকে শনিবার (১৫ মার্চ) বিকালে অভিযুক্ত বিএনপি নেতা ওই ঈদগাহ মাঠ সংলগ্ন আরও ৭-৮টি দোকানের চালা ভাঙচুর করেন। দীর্ঘ দিন ধরে অনেকেই ওই স্থানে ব্যাবসা করে আসছেন।
ষাটোর্ধ বৃদ্ধ জগদীষ চন্দ্র বলেন, দীর্ঘ ১৮-২০ বছর ধরে এখানে মুচির কাজ করে আসছি। হঠাৎ গতকাল (রবিবার) বিকালে দোকানের চালা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন কি করবো? কি করে খাবো? এই বয়সে বুঝতে পারছিনা।
অন্যান্য ব্যাবসায়ীরা জানান, দীর্ঘ সময় ধরে ঈদগাহ মাঠ সংলগ্ন আমরা অনেকেই দোকান করে খাচ্ছি। হঠাৎ ক্ষমতা দেখিয়ে চালা ভেঙ্গে আমাদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করে সংসার চালাবো বা জীবন যাপন করবো বুঝতেছিনা।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বার বার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’