× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে আইনজীবী হত্যা, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৮:৫৯ পিএম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার দুই আসামিকে আবারও জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। আবেদনের ফলে আসামি চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্য্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্য্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।’

এর আগে আসামি চন্দন দাশ আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারুক্তিমূলক জবানবন্দিতে ঘটনায় সম্পৃক্ত হিসেবে ‘শিবা’ নামের একজনের কথা জানিয়েছিলেন। এ ছাড়া রাজীব ভট্টাচার্য্য তার জবানবন্দিতে ‘ওম ভাই’ নামের আরেকজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন।

এই দুজনের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করেন বলে জানান আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ৪ ডিসেম্বর রাতে ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। যাকে এই ঘটনার প্রধান আসামি বলা হচ্ছে। পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডে যে ব্যক্তি কিরিচ হাতে অংশ নিয়েছিলেন, তিনিই চন্দন।

গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় কিছু আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করেন। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়। আলিফ হত্যা মামলায় চন্দন, রাজীবসহ এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা