রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৮:৪৯ পিএম
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রবা ফটো
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে ১৭টি ফেরি এবং ২২টি লঞ্চ চলাচল করবে। এর প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে ৩টি ঘাট।
এ ছাড়া ঘাট এলাকায় যানজটমুক্ত এবং হয়রানি রোধে থাকবে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্রাম্যমাণ আদালতের টিম।
সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।