বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৫:৫৬ পিএম
‘কালিশুরী বন্দর পুলিশ ফাঁড়ি’ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন কালিশুরী বন্দরের ব্যবসায়ীরা। প্রবা ফটো
পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর এলাকার চার ইউনিয়নে মানুষের জান জান-মাল ও কালিশুরী বন্দরের ব্যবসায়ীদের নিরাপত্তার নিশ্চিত করতে ‘কালিশুরী বন্দর পুলিশ ফাঁড়ি’ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বন্দরের ব্যবসায়ীরা।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে কালিশুরী বন্দরে কয়েক হাজার ব্যবসায়ী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কালিশুরী বন্দর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফয়সাল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. দলিল উদ্দিন মোল্লা ধুলু, কালিশুরী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিকি, ব্যবসায়ী এনায়েত তালুকদার প্রমূখ।
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনতিবিলম্বে কালিশুরী বন্দর পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবি তুলে বক্তারা বলেন, ৩০ বছর ধরে কালিশুরীতে পুলিশ ক্যাম্প ছিল। পতিত শেখ হাসিনার সরকার প্রায় ৮ মাস আগে ক্যাম্প উঠিয়ে নিয়ে যায়। এতে কালিশুরী এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। গত শনিবার বন্দরের এক টেলিকম ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকার মালামাল ও নগদ ২ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও উত্তর বাউফলের কালিশুরী, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।