সিংড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১২:৫৭ পিএম
সাকিবুল ইসলাম
নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে মো. সাকিবুল ইসলাম স্বচ্ছ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) দিবাগত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাকিবুল ইসলাম স্বচ্ছ নিষিদ্ধ সংগঠন রামানন্দ খাঁজুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক জিএস উম্মে আমারা ইসলাম সুখির ভাই। তারা উভয়েই সোয়াইর গ্রামের আমিনুল ইসলামের সন্তান।
এর আগে রবিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিংড়া শাখার সভাপতি মাওলানা মো. আকরাম হোসেন, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মোমিন সিংড়া থানায় স্বচ্ছ ও তার বোনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম স্বচ্ছ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে আসছিলেন। ১৪ মার্চ দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ইসলাম ও নবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ মিছিল করেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ‘অভিযোগের ভিত্তিতে সাকিবুল ইসলাম স্বচ্ছকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’