সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১২:১১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১২:২৯ পিএম
পুষ্পমাল্য অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। ছবি : প্রবা
কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির নেতারা।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কাটিয়া লস্করপাড়ায় প্রয়াতের সমাধিতে শ্রদ্ধা জানান তারা।
এ সময় জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, সদস্য আহাজ উদ্দিন সুমন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর (শেলী) সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণকালে মো. মুনসুর রহমান বলেন, ২০০৯ সালের ৫ ডিসেম্বর ঘাতকের নির্মম আঘাতে মৃত্যুবরণ করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষক আন্দোলনের নেতা সাইফুল্লাহ লস্কর। আজ তার ১৩তম মৃত্যুবার্ষিকী। অথচ আজ অবধি হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। এ ছাড়াও ঘাতকরা বীরদর্পে জেলাজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে।
তাই অবিলম্বে এ কৃষকনেতার হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।