নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ০৯:২২ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:১৯ পিএম
মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। প্রবা ফটো
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। এতে যোগ দিতে সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন দলে ভাগ হয়ে নেতাকর্মীরা জেলা শহর মাইজদী হয়ে সম্মেলনস্থলে যাচ্ছেন। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও নেতাদের নামে স্লোগান দিতে শোনা যায়।
এদিকে সম্মেলন কেন্দ্র করে শহীদ ভুলু স্টেডিয়ামের চারপাশসহ পুরো জেলা শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন ও তোরণে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে এসব ব্যানার-তোরণ নির্মাণ করেছেন নেতাকর্মীরা। সব মিলিয়ে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন নোয়াখালীর সন্তান, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ ছাড়া আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।
এদিকে সম্মেলন ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থায় সাড়ে পাঁচশ পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। সে সময় সভাপতি হিসেবে এএইচএম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।