পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২২:০১ পিএম
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন। প্রবা ফটো
কক্সবাজার পেকুয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) এ উপলক্ষে উপজেলা চত্বরে র্যালি, মানববন্ধন, প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
ধরা উপজেলা সমন্বয়ক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেম।
সভায় আরও বক্তব্য দেন- উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান, সহ-টিম লিডার আসাদুজ্জামান, ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, আয়েশা ছিদ্দিকা প্রমুখ।
বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশে বর্তমানে অধিকাংশ নদী দখল-দূষণের কারণে বিলুপ্তির পথে। প্রভাবশালীদের দখল থেকে নদী উদ্ধার করে পেকুয়ার কহলখালী খালকে আগের জায়গায় ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।