নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৭:২২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৭:২২ পিএম
গ্রেপ্তার দুজন। প্রবা ফটো
নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে হেনস্তা ও ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে বেগমগঞ্জের নাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাজিরপুর এলাকার রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের আরাফাত হোসেন অন্তর (২৩)। শুক্রবার দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মাইজদীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেন। এ সময় তারা ওই ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেন। মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে পরে সিএনজিটি কলেজ গেট থেকে একলাশপুর বাজার পর্যন্ত ঘোরাতে থাকেন। পরে তাকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী মামলা দায়ের করলে র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং রবিন ও আরাফাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়।