মধ্যাঞ্চলীয় ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ২১:৫৮ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:২২ পিএম
চিকিৎসককে মারধরের প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা। ছবি: প্রবা
কিশোরগঞ্জের
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসক ও কর্মচারীরা।
রবিবার (৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে হাসপাতালের সকল কার্যক্রম। তবে সীমিত পরিসরে জরুরি বিভাগের কার্যক্রম চালু রাখা হয়েছে।
কর্মচারীরা জানান, শুক্রবার সন্ধ্যায় এক বয়স্ক নারীকে নিয়ে স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে যান। এ সময় চিকিৎসক ডা. কামরুল হাসান ওয়াসিম ওই নারীকে মৃত ঘোষণা করেন। তখন রোগীর স্বজনেরা ডা. কামরুলের ওপর হামলা চালায়।
এ ঘটনায় শনিবার রাতে ডা. ওয়াসিম দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন। চিকিৎসকরা বলছেন, হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা কাজে যোগ দেবেন না। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সকাল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘আসামিরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।’
সিভিল সার্জন ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের ন্যুনতম নিরাপত্তা থাকা জরুরি। এরপরও সাধারণ মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহারের জন্য চিকিৎসকদের অনুরোধ করেছি।’