লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১৪:৩৭ পিএম
আটক দালাল। প্রবা ফটো
১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল। আটক ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদের, দুলাল লামচরীর, লিটন রায়পুরের চরপাতার, রোজিনা চরলক্ষ্মীর, নাজমা সদরের লাহারকান্দির, কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর ও সোহেল সদর উপজেলার খিলবাইছা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে তাদের নিয়ে আর্থিক লাভবান হওয়ার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে রোগীদের দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দালালেরা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ হাসপাতালে যৌথ অভিযান চালায়। এতে সাত দালালকে আটক করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, সিভিল সার্জনের সঙ্গে আমাদের সভা ছিল। এজন্য অভিযানের সময় আমি হাসপাতালে ছিলাম না। পরে অভিযানের বিষয়ে খবর পেয়েছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আটক দালালদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।