মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৬:৩৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৬:৪৫ পিএম
ফাইল ফটো
মাদারীপুরে দীর্ঘ ৯ বছর কারাবন্দী ছিলেন হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল। সোমবার (১০ মার্চ) জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। তবে কারামুক্তির পর তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকার গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা।
খালেদ সাইফুল্লাহর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে। তার বাবা মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রাক্তন গণিত বিভাগের প্রধান মৃত কাজী বেলায়েত হোসেন। কাজী বেলায়েতের তিন ছেলের মধ্যে খালেদ বড়। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন।
লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিন বলেন, ‘১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর মিথ্যা মামালায় কারাগরে ছিলেন। উচ্চ আদালত তাকে জামিন দেওয়ার আদেশ দেন। সোমাবার বিকালে কাশিমপুর ১ নম্বর কারাগার থেকে বের হলে গেট থেকে তাকে কালো রংয়ের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখাা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যা চরম অমানবিক ও ঘৃনিত এবং নির্মম বর্বরতা। এই বর্বতার দ্রুত অবসান চান এবং হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুরসহ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদেও সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিনসহ পরিবারের অন্য সদস্যরা।