বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২৩:০৭ পিএম
ফ্যাসিস্ট সরকারের পতনে সাংবাদিকরা ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনে সাংবাদিকরা ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। সে কারণে সাংবাদিকদের হুমকি, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের বীরউত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মাঠের বিজয়ের আগে মিডিয়ার বিজয় হয়েছিল। যে কারণে কোনোভাবেই গণঅভ্যুত্থান দমন করতে না পেরে তৎকালীন অবৈধ ভোটের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলক তথ্যপ্রযুক্তি বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ করার পর তিনি (পলক) একবার বলেছিলেন বন্ধ হয়ে গেছে, একবার বলেছিলেন নষ্ট হয়ে গেছে, আবার বলেছিলেন পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এসব বলে গোটা পৃথিবীতে বাংলাদেশকে একটি লজ্জিত জায়গায় নিয়ে গেছে। সেই সময়েও সাংবাদিকরা ফ্যাসিস্ট পতনে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। যে কারণে ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের মামলা, হামলা, হুমকি ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে। হুমকির মুখে পড়েও সাংবাদিকরা কাজ করেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘সমাজ পরিবর্তনে সাংবাদিকের ভূমিকা গুরুত্ব। আপনারা (সাংবাদিকরা) অন্যায়কে অন্যায় বললে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিতে পারে। বিগত দিনে প্রশাসন যত পদক্ষেপ নিয়েছিল, তার পেছনে ছিল সাংবাদিকদের ভূমিকা। আগামী দিনেও চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজসহ সব অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা কথা বলবেন। আমরা (জামায়াত) মাঠে কথা বলব, যাতে সুন্দর সমাজ প্রতিষ্ঠা হয়।
বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. ইসহাক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায় প্রমুখ।