কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২১:২৯ পিএম
প্রবা ফটো
কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ, গুণগত মান পরীক্ষণ না করা এবং মোড়কজাত সনদ গ্রহণ না করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে নগরীর হাউজিং এস্টেটে অবস্থিত নূর ট্রেডার্সকে এ জরিমানা করে বিএসটিআই ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক কে এম হানিফ জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ ব্যতীত এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ব্ল্যাক টি ও সরিষার তেল পণ্য মোড়কজাত, বিক্রয়-বিতরণ করায় এবং মেয়াদোত্তীর্ণ ব্ল্যাক টি বিক্রয়ের উদ্দেশে মজুদ করায় বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং রতন কুমার দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।