হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫ ২০:৩০ পিএম
প্রবা ফটো
দিনাজপুরের হিলিতে আইপি নামের একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভ্রাম্যমাণ আদালত একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে এক লাখ টাকা জরিমানা করে।
সোমবার (১০ মার্চ) বিকেলে হিলি পৌরসভার জালালপুর অবস্থিত অবৈধ ইট ভাটা এবং একই এলাকার পরিবেশ দূষণকারী প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া ।
এ বিষয়ে মো. মলিন মিয়া বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনায় হিলির এই ইট ভাটাটিকে গুড়িয়ে দিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভাটাটির পরিবেশগত কাগজপত্রসহ কোন প্রকার কাগজ নেই।’
তিনি আরও বলেন, ‘পৌর এলাকায় আর একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’