ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৯:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ, শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।
ওসি মো. আব্দুল হাদি বলেন, ‘উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রীজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’
ওসি আরও বলেন, ‘ট্রাকসহ চালকককে শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনের ব্যবস্থা নেওয়া হবে।’