নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৯:১২ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫ ১৯:১২ পিএম
ফাইল ফটো
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা বাদি হয়ে নড়াইল সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে বেশ কিছু নেতাকর্মী বসে ছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেলে এসে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। অপর দুজন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’