চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৮:১৮ পিএম
প্রবা ফটো
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভুয়া এক দন্ত চিকিৎসককে দুই মাসের কারাদণ্ড ও চার ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয় ।
সোমবার (১০ মার্চ) চন্দনাইশ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে বেলা ১১টা থেকে বিকাল সোয়া ২টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া লাইসেন্স ও অনুমোদনহীন ভাবে অপচিকিৎসা করে প্রতারণার দায়ে সিটি সেন্টারের জসিম ডেন্টাল কেয়ারের জসিম উদ্দিনকে (মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০) ধারায় ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করায় শেরে বাংলা হোটেলের মো. নেজামকে পাঁচ হাজার, বিছমিল্লাহ হোটেলের আবদুর রহিমকে তিন হাজার, মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ বিহীন পণ্য সামগ্রী মজুদ ও বিক্রির জন্য প্রদর্শন করায় এফ এস ট্রের্ডাসের ফরমান উল ইসলামকে দশ হাজার ও দোলন সেনকে তিন হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আহমেদ তানজিমুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রিগ্যান শীলসহ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভুমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।