× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬০ টাকা পুঁজি নিয়ে মাশরুমে বাজিমাত

শিব সংকর রবিদাস, শিবচর (মাদারীপুর)

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১২:৩৮ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নে নিজ মাশরুম খামারে উদ্যোক্তা আকতার হোসেন। প্রবা ফটো

মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নে নিজ মাশরুম খামারে উদ্যোক্তা আকতার হোসেন। প্রবা ফটো

মাদারীপুর শিবচরে কৃষিক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে মাশরুম চাষ। অল্প পুঁজিতে অধিক মুনাফার সুযোগ থাকায় মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন এখানকার অনেকেই। এমনই একজন সফল চাষি মো. আকতার হোসেন। তিনি মাত্র ১৬০ টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন মাশরুম চাষ। বর্তমানে তার মাসিক আয় অর্ধলাখ টাকা। স্থানীয় বাজারের পাশাপাশি এখন ঢাকা, ফরিদপুরেও মাশরুম পাঠাচ্ছেন আকতার। তবে সরকারি সহযোগিতা পেলে মাশরুমের চাষ আরও বিস্তৃত করার কথা জানান তিনি।

জানা যায়, উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের বাসিন্দা আকতার হোসেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসক হিসেবে চাকরি শুরু করেন তিনি। তবে চাকরি থেকে যে বেতন পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তাই খুঁজছিলেন আয়ের নতুন আরও একটি পথ। ২০১১ সালে আকতার ঢাকায় তার বোনের বাড়ি বেড়াতে যান। সেখানে জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টার দেখে সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলে অল্প বিনিয়োগে অর্থ উপার্জনের পথ পেয়ে যান। পরে জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টারে তিন দিনের প্রশিক্ষণ নিয়ে বাড়িতে এসে মাত্র ১৬০ টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেন। এখন নিজের একতলা ছোট বাড়ির ছাদে টিনশেড তৈরি করে পুষ্টিগুণে ভরপুর এই মাশরুম চাষ করছেন তিনি।

আকতার বলেন, বিভিন্ন সময়ে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দ্বিতীয়খন্ড ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে সার্বক্ষণিক পরামর্শ নেন তিনি। দীর্ঘ ১২ বছর ধরে এই মাশরুম চাষ করে আকতার এখন দৈনিক ১০ থেকে ১২ কেজি মাশরুম উৎপাদন করেনÑ যা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শিবচরের বিভিন্ন জায়গায় বিক্রি হয়।

এই উদ্যোক্তা জানান, প্রতিদিন গড়ে ২-৩ হাজার টাকা আয় করেন তিনি। বর্তমানে ৬-৭ লাখ টাকার পুঁজি রয়েছে তার। সরকারি সহযোগিতা পেলে প্রতিদিন ১০০ কেজি মাশরুম উৎপাদন করতে চান তিনি। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই এখন মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠছেন।

পুষ্টিগুণে ভরপুর এই কৃষিপণ্য এখন অভিজাত খাদ্যপণ্যের তালিকায় জায়গা করে নিয়েছে, যা দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদার শীর্ষে।

বিশেষজ্ঞদের মতে, মাশরুমে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাদ্য। চিকিৎসা ক্ষেত্রেও মাশরুম নানা রোগ প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে। এ কারণে এর চাহিদা ক্রমাগত বাড়ছে।

স্থানীয় আনোয়ার হাওলাদার বলেন, আকতারের মাশরুম চাষ করা দেখে আমরা ভাবতাম ব্যাঙের ছাতার মতো কি চাষ করে। পরে বুঝলাম অনেক পুষ্টিকর খাবার মাশরুম এটি। আমার বাড়িতে জায়গা আছে। আমিও মাশরুম চাষ করব। তাই আকতারের সঙ্গে এখন পরামর্শ করি।

প্রতিবেশী সখিনা বেগম বলেন, আকতারের সংসারে আগে অভাব অনটন লাইগাই থাকত। মাশরুম চাষ করার পর সে এখন অনেক ভালো আছে।

মাশরুম চাষি আকতার হোসেন বলেন, পশু চিকিৎসক হিসেবে যে বেতন পাই তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। তাই হালালভাবে অর্থ উপার্জনের নতুন পথ খুঁজছিলাম। তখন ঢাকায় বেড়াতে গিয়ে মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টার দেখে তাদের সঙ্গে পরামর্শ করে ট্রেনিং নিয়ে আমি মাশরুম চাষ শুরু করি। ১৬০ টাকা পুঁজি নিয়ে শুরু করলেও এখন আমার ৬-৭ লাখ টাকা পুঁজি রয়েছে। মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হয়। তবে সরকারি সহায়তা পেলে দৈনিক ১০০ কেজি মাশরুম উৎপাদন করা সম্ভব।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জীবাংশু দাস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাদারীপুরের বিভিন্ন জায়গায় মাশরুমের উদ্যোক্তা চাষি তৈরি করা হয়েছে। কিছু প্রশিক্ষণের মাধ্যমে এবং কিছু উদ্ভুদ্ধকরণের মাধ্যমে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা পরামর্শ দিয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। আমাদের প্রকল্পের আওতায় কৃষকদের ঘর তৈরি করে দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা