সাভার প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ০০:৩৪ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫ ১০:৫৪ এএম
প্রতীকী ছবি
সাভারের আশুলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকারের দোকান লুটের ঘটনা ঘটেছে। লুটে বাধা দেওয়ায় দোকানের মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।
নিহত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস আশুলিয়ার পাথালিয়ার গোপীনাথপুর দাসপাড়ার দুলাল দাসের ছেলে। তিনি নয়ারহাটে দীর্ঘদিন ধরে স্বর্ণালংকার ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, রাতে তারাবির নামাজ চলাকালে নয়ারহাট বাজার ফাঁকা থাকে। সে সময় দিলীপ দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে দিলীপের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্ত বাধা দিলে তার ওপর হামলা চালিয়ে জখম করে তারা ব্যাগ নিয়ে প্রাইভেট কারযোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন।
নিহত দিলীপের স্ত্রী সরস্বতী বলেন, ‘রাতে এই সময় খালি থাকায় আগেই বাসায় চলে আসে। আজ দোকান বন্ধ করার সময় তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসার পর আইসিইউতে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মারা যায়। তারা ব্যাগে থাকা ১৫ থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুন রেহান পাভেল বলেন, ‘রোগী আমাদের কাছে আসার পরপরই চিকিৎসা শুরু করি। প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউতে ভর্তির প্রস্তুতি নেওয়ার সময় সে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে পিঠে, বুকে ও মুখের এক পাশে জখমের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে অভিযান শুরু করেছি। আমরা প্রাথমিকভাবে চারজনকে ঘটনাস্থলে দেখেছি। তিনজন সরাসরি ও একজন গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন।