দলীয় শৃঙ্খলা ভঙ্গ
নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২০:০৯ পিএম
কোলাজ, প্রবা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বিভিন্ন উপজেলার তিন নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকালে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত তিনটি আলাদা বিজ্ঞপ্তি থেকে ওই তিন নেতাকে অব্যাহতির বিষয়টি জানা গেছে।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন, জেলার সদর উপজেলার সহসভাপতি নুরুল আমিন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের সভাপতি তানভির হায়দার তান্না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্নাকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেওয়া ওই তিন নেতা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে তাদের অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।
জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ নিজে নিশ্চিত করে তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই দলের নাম ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।