ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:২৪ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫ ২১:১৩ পিএম
শুক্রবার বিকালে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি ও চক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। প্রবা ফটো
কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতারসামগ্রী বিক্রি করায় তিন রেস্তোরাঁকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা ও ভৈরব বাজারের চক বাজার এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি। এ সময় অভিযানের সহযোগিতায় ছিলেন ভূমি অফিস কর্মকর্তা ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
অর্থদণ্ডপ্রাপ্ত রেস্তোরাঁগুলো হলো- পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেল, ভৈরব বাজারের চক বাজার এলাকায় আম্মাজান হোটেল ও আব্বাজান হোটেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজানের শুরু থেকে বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি অমান্য করায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেলকে দুই হাজার, চক বাজার এলাকায় আম্মাজান হোটেলকে তিন হাজার ও আব্বাজান হোটেলকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি জানান, রমজান মাস উপলক্ষে ভৈরবের বেশি ভাগ হোটেল ও রেস্তোরাঁয় ইফতারসামগ্রী বিক্রি হয়ে থাকে। হোটেলগুলো ঘুরে দেখা করা গেছে, তারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের হাতের গ্লাভস নেই, মুখে মাক্স নেই ও টুপি ব্যবহার করছেন না। ভোক্তাদের সঠিক সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হোটেল মালিকদের অর্থদণ্ডসহ সতর্ক করা হয়েছে। পুরো মাস জুড়ে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।